অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই টেস্টের ঐতিহাসিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (২৬ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি।
চোটের কারণে দলে নেই পেসার নাহিদ রানা। একই কারণে নেই লিটন দাস ও শরিফুল ইসলাম। নাহিদের জায়গায় চমক হিসেবে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া দলে ফিরেছেন জাকের আলী অনিক।
গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে চোট পান রানা। পরীক্ষায় গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। বিসিবির মেডিকেল বিভাগের মতে, টিস্যু সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে এরপর বোলিংয়ের পূর্ণ প্রস্তুতিতে ফিরতে আরও দুই থেকে চার সপ্তাহ লাগবে। সব মিলিয়ে তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট, ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।








