নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সম্রাটদের একটি সুসংগঠিত আস্তানায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ ১০ লক্ষাধিক টাকা এবং ড্রোন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মাসুদ খান।
র্যাব-১১ জানায়, গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের একটি দলের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। ওই হামলায় র্যাবের তিন সদস্য কুপিয়ে আহত হওয়ার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাত ৯টায় থানা পুলিশের সহায়তায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, তল্লাশি চালিয়ে বাড়ি দুটি থেকে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা এবং নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক তদারকিতে ব্যবহৃত একটি ড্রোন, টাকা গণনার মেশিন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপ। এসময় ঘটনাস্থল থেকে আটক ১০ জনকে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকাসহ ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








