শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী বিশ্ব সংগীত উৎসব শুরু
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমকালো সংগীত উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ ২১ জুন ও আগামীকাল ২২ জুন একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন দেশের কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির।
দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। উৎসবের দুই দিনের বিশেষ এই আয়োজনেই সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা একমঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশন করবেন। সংগীতপ্রেমী দর্শকদের জন্য পুরো উৎসবের সব আয়োজন একদম উন্মুক্ত থাকবে।








