শাপলানিউজ.কম
রাজধানী ঢাকা আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত। তবে দিনজুড়ে এ মান ওঠানামা করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
একই সময়ে একিউআই স্কোর ১৮৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার ভয়াবহ বায়ুদূষণের প্রধান কারণ ইটভাটার ধোঁয়া, পুরোনো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং অপরিকল্পিত নগরায়ণ। পরিবেশবিদরা বলছেন, শুষ্ক মৌসুমে এসব দূষণের মাত্রা আরও বেড়ে যায়।
একিউআই সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
চিকিৎসকদের সতর্কবার্তায় বলা হয়েছে, এমন দূষিত বাতাস দীর্ঘসময় গ্রহণ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও শ্বাসতন্ত্রের রোগীদের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দূষণের মাত্রা বেশি থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার করা এবং ঘরের জানালা-দরজা যতটা সম্ভব বন্ধ রাখার।