শাপলানিউজ.কম
১৯ নভেম্বর
ঢাকা, ১৯ নভেম্বর: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে ঘিরে আজ ঢাকাসহ সারাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ঢাকায় ডিএমপি, ডিবি, সিটিটিসি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন একযোগে মাঠে কাজ করছে। গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও মিরপুরসহ ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, লকডাউন ঘিরে দেশের অন্তত ২৯টি জেলায় মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রাতে ঢাকার মিরপুর থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ তিনজনকে এবং মোহাম্মদপুর থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের এক নেতাকে ২টি তাজা ককটেলসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তারা লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের আড়ালে ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকার বাইরে গোপালগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, পটুয়াখালী, বরিশালসহ বিভিন্ন জেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-বরিশাল ও পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও সকাল থেকে ঢাকায় অফিস, স্কুল ও দোকানপাট অনেকটা স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার বাস চলাচলে কিছুটা কমতি দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে জনগণকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।