শাপলানিউজ.কম
রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার সকালে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও, বাড্ডা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের সপ্তাহের চেয়ে কমেছে বা স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন, আর কয়েক দিনের মধ্যে পুরোদমে শীতের সবজি আসলে দাম আরও কমবে।
আজ বাজারে পুরোনো আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, পটোল ৫০ টাকা, বেগুন মানভেদে ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে। দেশি কাঁচা মরিচ ১৪০ টাকা ও হাইব্রিড কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শীতের সবজির মধ্যে ফুলকপি ৩০ টাকা পিস, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে লালশাক ১৫ টাকা আঁটি, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটো এখনো চড়া। টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। নতুন আলুর দামও বেশি, ১৪০ থেকে ১৬০ টাকা কেজি।
সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ, মাংস ও ডিমের বাজারে স্বস্তি নেই। আজ ফার্মের লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই মাছ আকারভেদে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি, তেলাপিয়া ও পাঙাশ ৩২০ থেকে ৩৫০ টাকা, আর ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম কিছুটা নাগালের মধ্যে এলেও মাছ-মাংসের দাম এখনো ধরাছোঁয়ার বাইরে। অনেক পরিবার সপ্তাহে একদিনের বেশি মাছ-মাংস কিনতে পারছেন না। তাদের দাবি, মাছ-মাংসের দাম কমলে সাধারণ মানুষ সত্যিকারের স্বস্তি পাবে।