রাজধানীর উত্তর বাড্ডায় মাইনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে বাসায় ঢুকে গুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর ডান পায়ে গুলি লেগেছে।
আহত মাইনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, পূর্বপরিচিত ছোট ভাই মাসুদ আহমেদকে দেখতে তিনি উত্তর বাড্ডায় ময়নারবাগ বউবাজার এলাকায় তাঁর বাসায় গিয়েছিলেন। সেখানে অবস্থান করার সময় তামিমসহ তিন থেকে চারজন ওই বাসায় প্রবেশ করেন। পরে তামিম তাঁকে লক্ষ্য করে গুলি করেন। তামিমের মুখে মাস্ক ও অন্যদের মাথায় হেলমেট ছিল বলে জানান তিনি।
মাইনুলের দাবি, কিছুদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন দিন আগে গুলশান এলাকা থেকে আল আমিন নামের একজন ছিনতাইকারীকে ধরার কারণে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটেছে। কারণ, ওই ছিনতাইকারী তামিমের গ্রুপের সদস্য।
এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, রাত দুইটার দিকে মাইনুল গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। আজ তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
মাইনুলের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভাটারা নতুনবাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন।








