রাজধানী ঢাকার বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই যুবককে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত যুবকের নাম মোহাম্মদ রানা (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদী শহরের মৃত আব্দুর রবের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন এবং পেশা গাড়িচালক।
রানা জানান, তিনি শনিবার বাড্ডায় তার এক ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে সেখানেই ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে বাসার ভেতরের দরজায় ধাক্কা দেওয়া হয়। তখন কক্ষ থেকে জিজ্ঞাসা করা হলেও বাইরে থেকে কোনো সাড়াশব্দ আসেনি। এরপর জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার কাছে যান। এসময় হঠাৎ ভেতরের দরজা দিয়ে ওই এলাকার ‘সন্ত্রাসী’ তামিম ও আরও দুজন প্রবেশ করেন। তারা রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার ডান হাঁটুর ওপর গুলি করে দ্রুত পালিয়ে যান।
রানা বলেন, ‘আমার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানে তামিম নিয়মিত চাঁদা চাইতো। আমি ভাইকে বলে দিই, তামিমকে আর কোনো চাঁদা দিতে হবে না। এতে ক্ষিপ্ত হয়ে সে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা। এই তামিমের নামে বাড্ডায় খুনের মামলাও আছে।’
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘বাড্ডার একটি বাসায় রানা নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এখানে আসেন। তার ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে স্বজনরা বাসায় নিয়ে যান। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’