রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে দিনজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার বার্তা অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা সর্বনিম্ন তাপমাত্রা (২৭.৪ ডিগ্রি সেলসিয়াস) থেকে সামান্য বেশি। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং শেষ ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ ঢাকায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কসংকেত নেই। তবে ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।