যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা দেশটির অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছে তারা।
ইরানের বিভিন্ন স্থানে আজ রোববার (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী গতকাল শনিবার রাত) নতুন করে হামলা শুরু করেছে ওয়াশিংটন। এটি এক সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো তৃতীয় দফার হামলা।
জর্ডান, কাতার, কুয়েত ও বাহরাইনে বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের
সেন্টকম বলেছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর পর তৃতীয় দফার হামলা শুরু করেছে তারা।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘স্থল, সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করার সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন বাহিনী ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’
সেন্টকম আরও বলেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণস্থল, নৌ-সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। জাহাজটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
পরে আইআরজিসি দাবি করে, তারা হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি জাহাজে হামলা চালিয়ে সেটি অচল করে দিয়েছে। তৃতীয় দফার মার্কিন হামলার জবাবে জর্ডান, কাতার, ওমানসহ বিভিন্ন উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তারা।








