দেশজুড়ে প্রায় পাঁচ দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তা আজ শুক্রবারও চলতে পারে। দেশের অন্তত চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে অন্তত ৩০ জন মারা গেছেন। ওই বিভাগের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভারী বৃষ্টি চলতে পারে আগামীকাল শনিবার, এমনকি পরশু রোববার পর্যন্ত। আজ রাজধানীতেও সারা দিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।
দুই দিনের বৃষ্টিতে খুলনার নিচু সড়কগুলোয় জমেছে পানি। যান চলাচলের ভোগান্তিতে চলাচলকারীরা। মুজগুন্নী, খুলনা, ৯ জুলাই
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, প্রায় পাঁচ দিন ধরে দেশে বৃষ্টি চলছে। এর প্রাথমিক কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ অবশ্য চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে। তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। আজ সারা দিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে।
গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।
সড়কে উঠেছে পানি। ভ্যানে করে জরুরি কাজে যাচ্ছেন স্থানীয় লোকজন। কবাখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ জুলাই
সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২১৪ মিলিমিটার। আর আজ রাজধানীতে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে আজও দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি থাকবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে চারটি বিভাগ, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামসহ ছয়টি জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও শমসেরপাড়াসহ কিছু এলাকায় এখনো পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরে রেলপথ থেকে পানি না কমায় আজ শুক্রবার পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার। পাহাড়ধসের মাটি ও বন্যার পানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ চারটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
এই বৃষ্টি আগামীকাল শনিবার, এমনকি রোববারও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে ধরে নেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে রোববারও হতে পারে। ভারী না হলেও বৃষ্টির ধারা থাকতে পারে সোমবার পর্যন্ত।