• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে বাস সংকট, জনদুর্ভোগ

sagar crime reporter / ৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীতে বাস সংকট, জনদুর্ভোগ

 

 শাপলানিউজ.কম

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬

 

ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়াতে সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি। ভাড়া কবে থেকে কতটা বাড়তে যাচ্ছে– গোপন রেখেছে বিআরটিএ। এ নিয়ে অনিশ্চয়তায় গতকাল সোমবার রাজধানীতে বাস চলাচল ছিল কম। যান সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গত রোববার বিআরটিএতে ভাড়া নির্ধারণ কমিটি পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। বৈঠক সূত্র সমকালকে জানিয়েছিল, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধিতে বাস ভাড়া কিলোমিটারে ২২ পয়সা বৃদ্ধির আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্তের নথিতে কোনো পক্ষ সই করেনি।

বিআরটিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মীর আহমেদ তারিকুল ওমর রোববার জানিয়েছিলেন, সোমবারের (গতকাল) মধ্যে সুপারিশ সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠাবেন। মন্ত্রণালয় তা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে। তবে গতকাল সংবাদমাধ্যমে মুখোমুখি হন তারিকুল ওমর। ভাড়া নির্ধারণ কমিটির আহ্বায়ক ও বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শহীদুল্লাহর বক্তব্যও জানা যায়নি। কী হতে যাচ্ছে– জানতেন না বাস মালিকরাও। বিআরটিএ সূত্র সমকালকে জানায়, গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ভাড়া নির্ধারণ কমিটি।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সমকালকে বলেন, কী হতে যাচ্ছে, কিছুই জানি না। বিআরটিএ জানাচ্ছে না। এ কারণে অনিশ্চয়তায় মালিকরা কম সংখ্যক বাস নামিয়েছেন। ডিজেলের জন্য লাইন ধরতে গিয়ে এমনিতেই বাসগুলোর দিনে কয়েক ঘণ্টা সময় অপচয় হচ্ছে। তেলের দাম বৃদ্ধির পর বিদ্যমান ভাড়ায় বাস চালাচলে লোকসান হবে। আবার বাড়তি ভাড়া নিতে গেলে যাত্রীদের সঙ্গে সংঘাত হতে পারে। এ ভয়েও বাস চলছে কম।

বাস সংকটে ভোগান্তি, ভাড়া বেশি
গতকাল সরেজমিন দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় বাস চলছে কম। বিকেল সাড়ে ৫টায় অফিস ছুটির পর ফার্মগেট এলাকায় দেখা যায়, রাস্তার দুই পাশে হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। কিন্তু মিরপুরগামী যেসব বাস শাহবাগের দিক থেকে আসছে, সেগুলো আগে থেকেই যাত্রীবোঝাই।

ফার্মগেটের হলি ক্রস কলেজের মোড়ে দাঁড়িয়ে থাকা নাবিরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ী যাবেন। আধাঘণ্টা দাঁড়িয়ে রয়েছেন; বাস নেই। একটি-দুটি বাস যা-ও আসে, সেগুলোতে প্রচণ্ড ভিড়। ওঠা যায় না।
গতকাল বেলা সাড়ে ৩টার সময় ধানমন্ডির শংকরে দেখা যায়, বাসের অপেক্ষায় শত শত যাত্রী। তারা জানালেন, মোহাম্মদপুর, বছিলা, ঘাটারচরগামী বাস পাওয়া যাচ্ছে না। যে দুয়েকটি আসছে, যাত্রীবোঝাই। অটোরিকশা ভাড়াও বেড়ে গেছে। ক্ষোভ প্রকাশ করে বছিলাগামী যাত্রী ইসমাইল হোসেন প্রশ্ন ছোড়েন, রিকশা কি ডিজেলে চলে? ভাড়া কেন বাড়বে?
ব্যাটারিচালিত রিকশাচালক মো. রাসেল এ প্রশ্নের জবাবে জানান, তাঁর বাসা হাজারীবাগ বেড়িবাঁধের বাড়ৈকান্দি এলাকায়। সেখানে লোডশেডিং বেশি। এ কারণে রিকশার ব্যাটারি চার্জ দিতে সমস্যা হচ্ছে। এ কারণেই ভাড়া বেশি।

তেজগাঁও থেকে গাজীপুর রুটে চলা বলাকা পরিবহনের বাসে কাকরাইল থেকে মহাখালীর ভাড়া ২০ টাকা চাওয়া হয় বলে যাত্রীরা অভিযোগ করেন। যদিও এ পথের ভাড়া ১২ টাকা। এ নিয়ে বচসা হয় চালকের সহকারী ও যাত্রীদের মধ্যে। সহকারী সুমন বলেন, ডিজেল পেতে লাইন ধরতে হচ্ছে। দামও বেশি। তাই ভাড়া বেশি চেয়েছিলেন। যাত্রীরা স্বেচ্ছায় দিলে বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে একাধিক যাত্রী জানান, ১২ টাকার ভাড়া আগে থেকেই ১৫ টাকা নেওয়া হয়। এখন ২০ টাকা চাওয়া হচ্ছে।

তেলের দাম কমলেও ভাড়া কমে না
এর আগে ২০২২ সালের ৬ আগস্ট ডিজেলের দাম ৮০ টাকা থেকে বৃদ্ধি করে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে সরকার। ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমায় ভাড়া ৫ পয়সা কমানো হয়। পরে দুই দফায় ডিজেলের দাম ৯ টাকা কমে। কিন্তু ভাড়া কমানো হয়নি। যে ৫ পয়সা কমানো হয়েছিল, তাও কার্যকর করা হয়নি।

২০২২ সালে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে বৃদ্ধি করে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে সরকার। পরে দুই দফায় ৮ পয়সা কমানো হয়। তবে এতে ভাড়া খুব একটা কমেনি। বরং ৫১ আসন ধরে দূরপাল্লার বাসের ভাড়া নির্ধারণ করায় ফাঁকি রয়েছে। ৪০ আসনের বাসে ভাড়া কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা।
খুলনা ব্যুরো জানিয়েছে, ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বৃদ্ধি না হলেও অন্যান্য যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। ডিজেল চালিত থ্রি-হুইলারে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে যাত্রীপ্রতি। নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা আবদুস সোবহান বলেন, আগে সঙ্গীতা সিনেমা হলের মোড় থেকে পাসপোর্ট অফিসে যেতে ১০ টাকা লাগত। এখন ১৫ টাকা নিচ্ছে। দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ইলিয়াস মোল্লা বলেন, ডিজেলের কারণে ভাড়া সামান্য বেড়েছে। কেউ যাতে প্রয়োজনের অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেদিকে নজর দেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকাগামী বাসের ভাড়া না বাড়লেও ইঞ্জিনচালিত নৌযানের ভাড়া বেড়েছে। ট্রলারের মালিক জাকির হোসেন জানিয়েছেন, ৬০ থেকে ৭০ লিটার ডিজেল লাগে। চামটা বন্দর থেকে সুনামগঞ্জের শাল্লা পর্যন্ত মাল পরিবহনে ভাড়া ১০ হাজার টাকা বেড়ে ১৩ হাজার টাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ