ঢাকা: বাংলা ১৪৩৩ নববর্ষের বিকেলে রাজধানীর শাহবাগে নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হয়েছে। বৈশাখের শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।
ফলে বর্তমানে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষও অবাধে প্রবেশ করছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকায় এমন দৃশ্য লক্ষ্য করা যায়।
শাহবাগ সিগনালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মো. আনিসুর রহমান বলেন, সিগনালে অন্যান্য যানবাহন কম থাকলেও মোটরচালিত রিকশার ভিড় বেশি। রিকশা ছাড়া সড়কে তেমন যানবাহন নেই।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার বৈশাখে মানুষ বেশি বাইরে বের হয়েছে বলে মনে হচ্ছে।
জুরাইন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘুরতে আসা নাজমা আক্তার জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সন্তানদের নিয়ে বিকেলে ঘুরতে এসেছেন।
তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি। গত দুই বছরে এত মানুষ বৈশাখে বাইরে বের হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, শোভাযাত্রা ঘিরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচল ও জনসাধারণের প্রবেশ উন্মুক্ত রয়েছে।
ওসি আরও জানান, রাত ১১টা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশ এবং র্যাব সদস্যরা শাহবাগ এলাকায় টহল দিচ্ছেন।