ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ রোববার (১২ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওমর ফারুক খানকে এই ছুটিতে পাঠানো হয়। এর আগে তিনি গত বছরের আগস্টে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।
ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে নানা গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।








