আন্তর্জাতিক বাজারে গতকাল বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। আগের সেশনে ২ শতাংশের বেশি বৃদ্ধির পর নতুন করে দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। একই সঙ্গে তাঁরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা মূল্যায়ন করছেন।
স্পট মার্কেটে সোনার দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স পাঁচ হাজার ১২.৮৩ ডলারে পৌঁছেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১.২০ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে সোনার চাহিদা সাধারণত বৃদ্ধি পায়। কারণ বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগে অর্থ স্থানান্তর করেন।
এদিকে ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত ভবিষ্যৎ অবস্থানও সোনার বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সুদের হার কমার সম্ভাবনা থাকলে সোনার আকর্ষণ বাড়ে, আর কড়াকড়ি নীতি থাকলে দাম চাপে পড়ে। সূত্র : রয়টার্স