ক্রিকেট
স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি
ক্রীড়া প্রতিবেদক ঢাকা
আপডেট: ১৯ আগস্ট ২০২৫,
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে তদন্ত চলছে
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে তদন্ত চলছেপ্রথম আলো
সর্বশেষ একাদশ বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহখানেকের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। এরই মধ্যে অভিযুক্ত হিসেবে নাম এসেছে তিনটি ফ্র্যাঞ্চাইজির, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। গতকাল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব বেটিং চক্রের
১৮ আগস্ট ২০২৫
বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব বেটিং চক্রের
তবে এ বিষযে আজ নিজেদের ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বিবৃতিতে বলা হয়, ‘বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।’
ঢাকা ক্যাপিটালস বলেছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’
ঢাকা ক্যাপিটালসের লোগো
ঢাকা ক্যাপিটালসের লোগোঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ
বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’