জেলা
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
প্রতিনিধি গাজীপুর
আপডেট: ০৯ আগস্ট ২০২৫,
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফয়সাল, শাহ জামাল ও সুমন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফয়সাল, শাহ জামাল ও সুমন ছবি সংগৃহীত
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহন উপজেলার পাঁচবারিয়া এলাকার ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর এলাকার শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।
এর আগে এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন। পুলিশের ভাষ্য, তাঁদের মধ্যে তিনজনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা গেছে ও তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য।
সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
আরও পড়ুন
গাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ
৬ ঘণ্টা আগে
গাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ
মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ থেকে ছয়জন চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার কিছু পরই স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যমেরার ফুটেজ পায় পুলিশ। এরপর মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়
০৮ আগস্ট ২০২৫
মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান গতকাল রাতে তিনজনের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।