চাঁদা না পেয়ে ইউপি ভবনে তালা, ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা
প্রতিনিধিনালিতাবাড়ী, শেরপুর
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫
ফলো করুন
ছাত্রদল
শেরপুর সদরে একটি ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে কুসুমহাটি বাজার এলাকায় লছমনপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের পর ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বড় ঝাউয়েরচর এলাকার বাসিন্দা ও লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ (৩৫) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার বাসিন্দা ও একই ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি আল আমিন ইসলাম (২৬)। গতকাল রাত তিনটার দিকে শেরপুর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম। এ ছাড়া একই মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রদল কর্মী ছায়দুর রহমান (৩২), নূর শাহ আলম (৩৮), নূরনবী ইসলামসহ (২৫) অজ্ঞাতপরিচয় ৬-৭ জন।