৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২১: ০৩
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ।
যুবদল নেতার ৫ কোটি টাকা চাঁদা দাবি এবং শরীয়তপুরের গাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব শক্তি ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-জনতা অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ফাহিম নামের যুবদলের এক নেতা যাত্রাবাড়ীতে শরীয়তপুরের পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি সে শরীয়তপুরের পরিবহনমালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় যুবদল নেতা ও তার লোকজন শরীয়তপুরের কোনো গাড়ি যাত্রাবাড়ী ঢুকতে দিচ্ছে না। গাড়ি যাত্রাবাড়ী ঢুকলেই ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে।’
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করে।
ইমরান আল নাজির বলেন, ‘আজকে আমরা পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই চাঁদাবাজ ফাহিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
এ ছাড়া রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ মিয়া ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার সঙ্গে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে শরীয়তপুরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।