Published : 28 Feb 2026,
চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ ঢাকার মোহাম্মদপুর ও আদাবর থেকে ৪২ জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।
এর আগে বুধবার রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে।
ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই থানা এলাকা থেকে আমরা ৪২ জনকে গ্রেপ্তার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোন চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি বলেন, “আমরা কিশোর গ্যাংয়ের ব্যাপারে খুবই সতর্ক আছি এবং এদের কোনোভাবেই মাথাচাড়ার সুযোগ দেওয়া যাবে না।”
বুধবার রাতের অভিযানের পর বৃহস্পতিবার মধ্য রাতে হঠাৎ মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা তদারকি করতে আসেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির।
তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, চাঁদাবাজ-ছিনতাইকারী, মাদক কারবারী বা কিশোর গ্যাংয়ের মতো অপরাধীরা গ্রেপ্তারের কিছুদিন পর জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে যায়।
“এটা প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণে রাখতে এলাকাভিত্তিক জামিনে আসা অপরাধীদের তালিকা থাকবে। জামিনে আসার পরে প্রতি সপ্তাহে থানার ওসির কাছে হাজিরা দিবে। একই সঙ্গে বলে যাবে ‘আমি ভালো হতে চলেছি।’ এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি।”
শুক্রবার রাতের অভিযান প্রসঙ্গে উপ-কমিশনের মিজান বলেন, “আদাবর থেকে ১২ জনকে এবং মোহাম্মদপুর এলাকা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।”