রাত ৮টা থেকে ভোর পর্যন্ত একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে রাজধানীবাসী — সিসিটিভি দেখে জড়িতদের খুঁজছে পুলিশ
শাপলানিউজ.কম
ঢাকা, ৭ নভেম্বর শনিবার
রাজধানী ঢাকায় গত রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খিলগাঁও, আদাবর, শাহবাগ, বিমানবন্দর এলাকা ও মিরপুরের কালশী — এই ৫ জায়গায় মোট ৮টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া প্রগতি সরণির কোকাকোলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
প্রথম বিস্ফোরণটি ঘটে রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ভেতরে।
এরপর রাত ৯টা ৫ মিনিটে আদাবর থানার সামনে ২টি ককটেল বিস্ফোরণ হয়।
রাত ১০টা ২০ মিনিটে শাহবাগে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। রাত ১২টার পর পরই জুলাই চত্বরের পাশে আরেকটি বিস্ফোরণ ঘটে।
রাত ১১টা ৪৫ মিনিটে বিমানবন্দর গোলচত্বরে ২টি ককটেল বিস্ফোরণ হয়।
এদিকে সন্ধ্যায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি সাভার-নিউবাজার রুটে চলাচল করতো। যাত্রী নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।