বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকলেও আজ বৃহস্পতিবার কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান স্কোর ৯৭ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। এ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।
তালিকায় ২১৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এই মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যেখানে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৫৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।
এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর, পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ কয়েকটি শহরও দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।