সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১।
তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমান স্কোর ১৬৩। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩২ স্কোর নিয়ে চতুর্থ এবং মিসরের রাজধানী কায়রো ১২৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা নির্ধারণে প্রধানত পার্টিকুলেট ম্যাটার (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃) বিবেচনা করা হয়।
দীর্ঘদিন ধরেই ঢাকার বায়ু দূষণের সমস্যায় ভুগছে। বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা উন্নত হলেও শুষ্ক ও শীত মৌসুমে দূষণের মাত্রা সাধারণত বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বব্যাপী বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতায় প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।








