শিরোনাম:
শাপলানিউজ.কম
ঢাকা, শুক্রবার (২৭ নভেম্বর)
আজ রাজধানীর বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। চালের দাম এখনো বাড়তি। তবে মুরগি ও ডিমের দাম কমে কিছুটা স্বস্তি মিলছে। আর মাছ ও সবজির বাজারে এখনো স্বস্তি ফেরেনি। শুক্রবার সকালে রাজধানীর রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও মিরপুরের কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চালের বাজারে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের কেজিতে ১ থেকে ৪ টাকা বেশি খরচ করতে হচ্ছে। এই দাম বেড়েছে প্রায় তিন সপ্তাহ আগে। বাজারে রসিদ ব্র্যান্ডের মিনিকেট ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইলের সরবরাহ শেষের দিকে। নতুন মৌসুমের চাল এলে দাম কমতে পারে।
তবে স্বস্তি আছে মুরগি ও ডিমে। আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ১৫ দিন আগেও ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড ২৭০ থেকে ২৮০ টাকা কেজি। ডিমের ডজন ১০ টাকা কমে এখন ১৩০ থেকে ১৪০ টাকা।
মাছের বাজারে এখনো চড়া দাম। ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। তেলাপিয়া ২৩০ টাকা, ছোট পাঙ্গাস ২০০ টাকা, বড় পাঙ্গাস ২৭০ টাকা, রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা কেজি।
সবজির দামও চড়া। শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লাউ প্রতিটি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা কেজি। গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, শীতের সবজি পুরোপুরি আসলে দাম কমবে বলে আশা করছেন তারা।