শাপলানিউজ.কম
ঢাকা, ২৪ নভেম্বর মঙ্গলবার
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মোট ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীও রয়েছেন বলে ডিএমপি জানিয়েছে।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে, ১৩২ জন। এরপর তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) ৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার। এছাড়া ১টি সিএনজি, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 5060feee