শাপলানিউজ.কম
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী | ১৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালী শহরের সবচেয়ে পরিচিত ঘোরার জায়গাগুলোর একটি হলো ঝাউতলা। বিকেল হলেই এখানে ভিড় জমে। পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে, শিশুদের নিয়ে অনেকেই ঝাউতলায় ঘুরতে আসেন। শহরের কোলাহল থেকে একটু খোলা বাতাসে বসতে, গল্প করতে, ছবি তুলতে মানুষ এখানে আসে। কিন্তু সেই ঝাউতলার সৌন্দর্যই এখন নষ্ট হয়ে যাচ্ছে হকারদের দখলে।

সোনালী ব্যাংকের উল্টো পাশে ঝাউতলা কোণায় রাস্তার পাশে সারি সারি ভাসমান দোকান বসিয়ে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চা, ফল ও খাবারের দোকান, ভ্যান, মোটরসাইকেল রাখার কারণে মোড়ের একেবারে কোণাটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ঘুরতে আসা মানুষরা দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না।
স্থানীয়রা জানান, কিছুদিন আগেও প্রশাসন এখানে উচ্ছেদ অভিযান চালিয়ে দোকান ভেঙে দিয়েছিল। সেসময় কিছুদিনের জন্য মোড়টা ফাঁকা ছিল। ঘুরতে আসা মানুষ স্বস্তিতে চলাচল করতে পেরেছিল। কিন্তু অভিযানের কয়েকদিনের মধ্যেই আবার আগের মতো দোকান বসতে শুরু করে। এখন আগের চেয়েও বেশি দোকান বসেছে।
ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, “আমরা পরিবার নিয়ে ঝাউতলায় ঘুরতে আসি, কিন্তু এখন হাঁটারই জায়গা নেই। বাচ্চাদের নিয়ে আসা ঝুঁকির হয়ে গেছে। অটো, মোটরসাইকেল আর দোকানের ভিড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”
আরেকজন বলেন, “ঝাউতলা পটুয়াখালীর মুখ। বাইরে থেকে কেউ আসলে এখানে ঘুরতে নিয়ে আসি। এখন এই অবস্থা দেখলে লজ্জা লাগে।”
সবচেয়ে বড় অভিযোগ হলো, এই জায়গা থেকে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র হকারদের কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে এখানে দোকান বসতে দিচ্ছে। প্রশাসন ভেঙে দেওয়ার পরও চাঁদার বিনিময়ে আবার দোকান বসানো হচ্ছে। তবে কারা এই চাঁদা নিচ্ছে, সে বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, “দোকান বসাতে হলে টাকা দিতে হয়, না দিলে বসতে দেওয়া হয় না।”
সোনালী ব্যাংকে আসা গ্রাহক, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু ভেঙে দিলেই হবে না। চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, হকারদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে হবে এবং ঝাউতলাকে ঘোরার জায়গা হিসেবে রক্ষা করতে হবে।
এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।