ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে নাসিরনগর কলেজ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, প্রকল্প পরিচালক মুফাজ্জল হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৬ কোটি টাকা। ২০২৮ সালের জুন মাসের মধ্যে সওজ-এর অধীনে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সড়কটি নির্মিত হলে নাসিরনগর ও সরাইল উপজেলার পাশাপাশি প্রতিবেশী হবিগঞ্জ জেলার সঙ্গে রাজধানী ঢাকা ও অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে।








