ঢাকার বাতাস আজ কেমন?

 

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও তেমন ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে বেলা ১১টায় তালিকার ১১তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০৬।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) বেলা ১১টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

এরপরই যথাক্রমে কুয়ালালামপুর, মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, দিল্লি, দুবাই, রিয়াদের মতো শহরগুলোর অবস্থান।

অন্যদিকে, ১২ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরপরই রয়েছে ক্যানবেরা, টরেন্টো, সান ফ্রান্সিসকো ও স্টকহোমের মতো শহরগুলো।