ঢাকায় অভিযান চালিয়ে ৫০১ জনকে গ্রেফতার করলো পুলিশ

 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জনকে, লালবাগ বিভাগ ২৩ জনকে, ওয়ারী বিভাগ ৭২ জনকে, মতিঝিল বিভাগ ৭৫ জনকে, তেজগাঁও বিভাগ ৫৩ জনকে, মিরপুর বিভাগ ১২৭ জনকে, গুলশান বিভাগ ৪২ জনকে, উত্তরা বিভাগ ৭০ জনকে ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।