দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়ে এদিন এক হাজার ১১৫ কোটি টাকায় চলে এসেছে। গতকাল সোমবার (১০ আগস্ট) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২৮৬ কোটি টাকা।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান বেড়ে যায়। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট। পরে সূচকটি উত্থান আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৫৮ দশমিক ৬৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৯০৩ দশমিক ৫৩ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০৪ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮২ দশমিক ৬০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার ৭৮১ কোটি পাঁচ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ৪৯৪ কোটি ৩৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ৪১ কোটি ৬৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩১ কোটি ৫৬ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ২৪ কোটি ৪৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২২ কোটি ৫৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২০ কোটি ৩৩ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৮ কোটি ৫০ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ১৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৮৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৯ শতাংশ।








