কয়েক দিন তুলনামূলক স্বস্তিকর বাতাসের পর আবারও বায়ুদূষণের শীর্ষ তালিকায় উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানীর অবস্থান চতুর্থ।
এদিন ঢাকার বায়ুমান এমন পর্যায়ে পৌঁছেছে, যা বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৪৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের অবনতি হলে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাফেরা সীমিত রাখা উচিত।