বিশ্বকাপের পর্দা নামার পর থেকেই ফুটবল বিশ্বে আবারও শুরু হয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন আলোচনা। সদ্য সমাপ্ত বিশ্বকাপ আর দুই তারকার ভিন্ন বয়সের ব্যবধান ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ২০২৫/২৬ মৌসুমে তাদের পারফরম্যান্স।
যদিও এমএলএস ও লা লিগার প্রতিযোগিতার মানের ভিন্নতা রয়েছে, তবুও পরিসংখ্যান বলছে— সর্বশেষ মৌসুমে দুজনই নিজেদের সেরাটা দিয়ে মাঠ মাতিয়েছেন।
পরিসংখ্যানে দুই প্রজন্মের লড়াই
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে এসেও মাঠের পারফরম্যান্সে প্রমাণ করছেন, কেনো তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।
উজ্জ্বল পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে তাদের প্রথম মেজর লিগ সকার (এমএলএস) ট্রফি এনে দিয়েছেন মেসি। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন মেসি।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের জার্সিতে কোনো ট্রফি জিততে পারেননি এমবাপ্পে। বিশ্বকাপেও ফ্রান্স টুর্নামেন্ট শেষ করেছে চতুর্থ স্থানে থেকেই। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং বিশ্বকাপ— তিনটি বড় টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
অবশ্য গোল করার দিক থেকে এমবাপ্পে এগিয়ে থাকলেও, মেসি আলো ছড়িয়েছেন গোল বানিয়ে দেওয়ার কারিগর হিসেবে।
২০২৫/২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন এমবাপ্পে। এই ম্যাচগুলোতে তিনি গোল করেছেন ৫৮টি। যার মধ্যে ওপেন প্লে বা পেনাল্টি ছাড়া গোল করেছেন ৪৩টি। এর সঙ্গে ১৩টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। আর ১৩৬টি সফল ড্রিবলিং করেছেন ফরাসি এই তারকা।
অন্যদিকে, গত মৌসুমে মেসি সবমিলিয়ে মাঠে নেমেছেন ৪৯ ম্যাচে। এই ম্যাচগুলো থেকে আর্জেন্টাইন তারকা গোল করেছেন ৪৫টি। এর মধ্যে ওপেন প্লে বা পেনাল্টি ছাড়া গোল করেছেন ৪১টি।
গোলের সংখ্যায় পিছিয়ে থাকলেও এমবাপ্পের চেয়ে দ্বিগুনেরও বেশি অ্যাসিস্ট করেছেন মেসি। ৪৯ ম্যাচে তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৩০টি। অন্যদিকে, ১১৭টি সফল ড্রিবলিং করেছেন মেসি।
এছাড়া ম্যাচ রেটিংয়ের দিক থেকেও এগিয়ে ছিলেন মেসি। ২০২৫/২৬ মৌসুমে গড়ে প্রতিটি ম্যাচে মেসির রেটিং ছিল ৮.৫৫। আর এমবাপ্পের রেটিং ছিল ৭.৭৫।
বিশ্বকাপে ইতিহাস গড়ার লড়াই
বিশ্বকাপের মঞ্চেও প্রতিযোগিতায় নেমেছিলেন এই দুই তারকা। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালের রেকর্ড পেছনে ফেলে দুজনই নতুন ইতিহাস গড়েছেন। এবারের আসরে মোট ৮টি গোল করেছেন মেসি। এতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২১টি।
অন্যদিকে, এবারের আসরে ১০টি গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। সবমিলিয়ে বিশ্বকাপে ২২ গোল নিয়ে তালিকার সবার ওপরে অবস্থান করছেন ফরাসি তারকা।
বিশ্বকাপের পাট চুকিয়ে মেসি এখন ইন্টার মায়ামির জার্সিতে এমএলএস শিরোপা ধরে রাখার মিশনে ব্যস্ত। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হতাশাজনক মৌসুম পেছনে ফেলে নতুন কোচ হোসে মরিনহো এবং ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।








