জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকটের কারণে আজ রোববার সকাল থেকে নোয়াখালীর সব কটি সিএনজি পাম্প ও স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পাম্পগুলোতে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহণ মালিক ও চালকেরা। একই সঙ্গে গ্যাসের তীব্র স্বল্পতার কারণে রান্নাবান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই অঞ্চলের আবাসিক গ্রাহকদেরও।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নোয়াখালী অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম বলেন, জাতীয় গ্রিডে হঠাৎ সংকট তৈরি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেনীর মূল কন্ট্রোল রুম থেকে এ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রাপ্ত গ্যাস আপাতত জাতীয় গ্রিডের লাইন ব্যবহার করে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে সরবরাহ বাড়ানো হচ্ছে। তবে বর্তমানে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুর, হাবিবপুর ও বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাস দিয়ে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের আবাসিক গ্রাহকদের সাময়িক চাহিদা কোনোমতে মেটানো সম্ভব হচ্ছে।
অন্যদিকে, ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের ব্যবস্থাপক এস এম জাহিদুল ইসলাম বলেন, ঢাকা ও এর পারিপার্শ্বিক এলাকায় গ্যাসের তীব্র সংকট সামাল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ এ অঞ্চলে সরবরাহ সীমিত ও বন্ধ রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংকট কাটিয়ে উঠে সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কাজ চলছে।








