• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খাল দখলমুক্ত করতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না: মির্জা ফখরুল

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

খাল দখলমুক্ত করতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না: মির্জা ফখরুল

 

শাপলানিউজ.কম

১৫ জুলাই ২০২৬

 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার সমাধানে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য করতে বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী নয়, সচেতন নাগরিক হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নদী ও সুপেয় পানির সংকটের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, এক সময় বুড়িগঙ্গা ও তুরাগের পানি অত্যন্ত পরিষ্কার ছিল, কিন্তু এখন দূষণের কারণে নদীগুলো প্রায় মৃতপ্রায়। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় প্রতিদিন মেঘনা নদী থেকে ৫০ কোটি লিটার পানি ঢাকায় আনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী এবং প্রাকৃতিক খালগুলো দখল ও দূষণমুক্ত করতে না পারলে ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না। একই সঙ্গে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে হবে।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতি রাতারাতি বদলানো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, সিটি করপোরেশনের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় তারা অনেক ক্ষেত্রে অসহায়। রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতার কারণে বর্ষা এলেই রাস্তা খোঁড়াখুঁড়িসহ নানা ভোগান্তি তৈরি হয়। এসব সমস্যার স্থায়ী সমাধানে সিটি করপোরেশনকে একটি শক্তিশালী কেন্দ্রীয় কাঠামোর অধীনে এনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর কার্যকর সমন্বয় ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শুধু আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগ দিয়ে সব পরিবর্তন সম্ভব নয়। ক্যান্টনমেন্ট ও বিভিন্ন সড়কে এআইভিত্তিক নজরদারির কারণে মানুষ যেভাবে ট্রাফিক আইন মেনে চলছে, একইভাবে ডাস্টবিনে ময়লা ফেলার ক্ষেত্রেও নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। এ সচেতনতা প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাধ্যমে শুরু করে প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, গত ৫০ বছরে অসংখ্য সেমিনার ও কর্মশালা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-‘আমার শহর আমি পরিষ্কার রাখব।’ জীবনের শেষ সময়ে এসে ঢাকাকে আবারও সুন্দর ও সবুজ দেখতে চান উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরনা শাহরুখ, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান খান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্জ্য ব্যবস্থাপনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ