দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। সে হিসেবে এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে সবশেষ গত ২২ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয় দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা করা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরী প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।








