ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি নিজেদের দখলে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে লাতিন আমেরিকার এই পরাশক্তিকে একদম ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। মাত্র ১ গোলের ব্যবধানে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
সম্প্রতি প্রকাশিত ফিফা বিশ্বকাপের ইতিহাসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বমঞ্চে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৪০টি গোল করে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সেলেসাওরা।
অন্যদিকে, ইউরোপিয়ান পরাশক্তি জার্মানি ২৩৯টি গোল নিয়ে অবস্থান করছে ঠিক দ্বিতীয় স্থানে। আগামী ম্যাচে একটি গোল করলেই জার্মানি ছুঁয়ে ফেলবে ব্রাজিলকে, আর দুটি গোল করলে ফুটবল ইতিহাসের এই অনন্য রেকর্ডে ব্রাজিলকে টপকে যাবে ডাই মানশাফটরা।
এই তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আলবিসেলেস্তেরা এ পর্যন্ত বিশ্বকাপে মোট ১৫৫টি গোল করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা তাদের গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিয়েছে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্স। ফরাসিরা এ পর্যন্ত বিশ্বকাপে ১৩৯টি গোল করেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১২৮টি গোল নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
গত কয়েক আসরে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ইতালির এই সংখ্যায় বড় কোনো পরিবর্তন আসেনি।
এছাড়া যৌথভাবে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং ফুটবলের জনক ইংল্যান্ড। দল দুটি বিশ্বমঞ্চে সমান ১০৮টি করে গোল করেছে।
এক নজরে শীর্ষ দলগুলোর অবস্থান ও গোল সংখ্যা—
১. ব্রাজিল :২৪০টি গোল
২. জার্মানি : ২৩৯টি গোল
৩. আর্জেন্টিনা : ১৫৫টি গোল
৪. ফ্রান্স :১৩৯ টি গোল
৫. ইতালি : ১২৮টি গোল
৬. স্পেন : ১০৮টি গোল
৭. ইংল্যান্ড : ১০৮টি গোল
ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মেগা আসরে ফুটবলপ্রেমীদের নজর থাকবে ব্রাজিল ও জার্মানির এই দ্বৈরথের দিকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সর্বোচ্চ গোলের এই শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার এক অন্যরকম মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামবে দল দুটি।








