নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব আসায় পুঁজিবাজার যেন প্রাণ ফিরে পেল। সরকারের নানামুখী আশ্বাসে পুঁজিবাজার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনসহ সব ধরনের সূচক বাড়ছে বলে জানিয়েছেন পুঁজিবাজারের বিশ্লেষকরা।
তারা বলেন, আজ রোববার (৭ জুন) একদিনেই লেনদেন ১৭৭ কোটি টাকা বেড়ে এক হাজার ৫২৯ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। যা গত ২১ মাস ২৬ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড হিসেবে গণ্য হয়েছে। এর আগে বিএসইসির নতুন নেতৃত্ব আসার প্রথমদিন গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৫১ কোটি টাকা। অবশ্য এর আগে খবর ঘুরপাক করেছিল বিএসইসির নতুন নেতৃত্ব আসবে। এমন খবরে ঈদের পর থেকে বাজার চাঙ্গা রয়েছে। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ২৭৯ কোটি টাকা এবং মঙ্গলবার এক হাজার ৮০ কোটি টাকা। অথচ এর আগে দীর্ঘদিন বাজারটির দৈনিক লেনদেন ছিল হাজার কোটি টাকার নিচে। পাঁচশ কোটি টাকার নিচেও লেদনের ছিল অনেক।
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন এবং একইসঙ্গে সংস্থাটির চার কমিশনারও পদত্যাগপত্র জমা দিয়েছেন। অবশ্য এর আগে গত ২ জুন পল্টনের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন, বিএসইসিতে চারজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। অর্থমন্ত্রীর সেই ঘোষণার পরপরই গত বৃহস্পতিবার বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। একইসঙ্গে বিএসইসির নতুন তিনজন কমিশনারের নামও চূড়ান্ত হয়েছে। তাঁরা হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান। বিএসইসির শীর্ষ নেতৃত্বে এমন বড় ও গ্রহণযোগ্য পরিবর্তনের খবরের পর থেকেই মূলত পুঁজিবাজারে ব্যাপক লেনদেন ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। এরই ধারায় আজ লেনদেন ছাড়াল ১৫০০ কোটি টাকা।
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর সব ধরনের সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দিনশেষে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৬ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১১৫ দশমিক ৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দিনশেষে দুই হাজার ৮৭ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।
গত ২০২৪ সালে ১১ আগস্ট ডিএসইতে দুই হাজার ১০ কোটি আট লাখ টাকার লেনদেনের পর আজই ডিএসইতে এক হাজার ৫২৯ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হলো, যা গত ২১ মাস ২৬ দিনের মধ্যে পুঁজিবাজারে সেরা লেনদেন।
আজ লেনদেন শেষে ডিএসইতে মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৭৫ কোটি তিন লাখ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি ১৮ লাখ টাকা এবং গত বুধবার ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৬৩ কোটি ৯২ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং শেয়ার দর সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে বাকি ৪৯টি কোম্পানির।
আজ দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির এক দিনেই ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসির ২৬ কোটি ৭৮ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ২১ কোটি ৭২ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৪৬ লাখ টাকা, জিকিউ বলপেনের ২০ কোটি ৩০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৯ কোটি ১৯ লাখ টাকা, নাভানা ফার্মা ১৯ কোটি ১৩ লাখ টাকা এবং মীর আকতার হোসেনের ১৮ কোটি ২১ লাখ টাকা। আজ বাজারে দর বৃদ্ধির একদম শীর্ষে জায়গা করে নিয়েছে মেঘনা পেটের শেয়ার, যার দর সর্বোচ্চ ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে এবং অন্যদিকে দর কমার তালিকায় শীর্ষে ছিল ক্রাউন সিমেন্টের শেয়ার, যার দর আজ ১০ শতাংশ হ্রাস পেয়েছে।








