ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিন মাংস বণ্টনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে গ্রামের দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উপ-পরিদর্শক পরেশ কুমার বলেন, পুলিশ পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মোল্লা বলেন, ঈদের আনন্দের দিনে সামান্য মাংস বণ্টনের বিষয় নিয়ে এমন মারামারি কোনোভাবেই কাম্য নয়।








