পবিত্র ঈদুল আজহার ছুটি চলছে। ছুটিতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। ফলে ঢাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল কমছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা ১৮তম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান এখন ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
দূষণের এই তালিকায় ২১৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭২। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৩৯। এছাড়া ১৩৯ ও ১১৮ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর রাজধানী কিনশাসা ও ভারতের কলকাতা।
এদিকে, বৃষ্টির পাশাপাশি ঈদের ছুটির কারণে ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকায় বায়ুর মানে এ উন্নতি দেখা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।