ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নাহিদ ইসলাম স্থানীয়দের জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা এবং যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মো. ফারুক হোসেন, তেজগাঁও ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।