রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার চার ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আজ আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এরপরে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকার মৃত রুপ মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), একই এলাকার কাশেমের ছেলে মুক্তার হোসেন (২২), মৃত আক্কাস আলীর ছেলে রিয়াজ উদ্দিন (২৪) ও রজব আলীর ছেলে সুমন (১৯)।
এর আগে শনিবার (২ মে) দিবাগত রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় তাদের আটক করে টহলরত পুলিশ। রাতেই ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গণমাধ্যমকে বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠে আসামিরা। পরবর্তীতে তারা অটোরিকশা চালক সুজনকে (২৭) বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে আসামিরা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে।






