পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (১২ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ‘লকড অ্যান্ড লোডেড’ (আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত) অবস্থায় রয়েছে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, মার্কিন সামরিক বাহিনী যেকোনো ‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেওয়ার’ জন্য প্রস্তুত। ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই রণহুঙ্কার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।
এর আগে একই পোস্টে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলের ওপর কঠোর নৌ-অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানান, যারা ইরানকে অবৈধ শুল্ক দিয়ে পারস্য উপসাগর পার হওয়ার চেষ্টা করবে, মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাদের গতিরোধ করবে।
বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই ‘লকড অ্যান্ড লোডেড’ মন্তব্য তেহরানের ওপর সামরিক চাপ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের প্রতিনিধিরা যখন কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছেন, তখন ট্রাম্পের এমন কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন এখন কূটনৈতিক পথ ছেড়ে সামরিক পথকেই বেছে নিতে যাচ্ছে।








