মশা মারতে ঢাকা দক্ষিণ সিটির মাসব্যাপী কর্মসূচি
Published : 01 Mar 2026,
রাজধানীর দক্ষিণে মশক নিধন ও পরিচ্ছন্নতার মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার মহানগরীর সুখনগর ব্রিজ ও মান্ডায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
এ কার্যক্রমের তদারকির জন্য সিটি করপোরেশন ইতিমধ্যে ১০টি দল গঠন করেছে বলে জানান প্রশাসক। এসব দলে আঞ্চলিক কর্মকর্তা ছাড়াও তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কোথাও কার্যক্রমে ব্যর্থতা দেখা দিলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন।
আবদুস সালাম বলেন, রাজধানী পরিচ্ছন্নতা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কাজ করা হবে।
নগরবাসী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম বা মশক নিধন কার্যক্রম না হলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সিটি করপোরেশনকে জানাবেন।
‘‘কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকলে বা মশা নিয়ন্ত্রণে কর্মীরা না গেলে তা দ্রুত জানার পর আমরা ব্যবস্থা নেব। এই কাজে কোনো গাফলতি সহ্য করা হবে না।”