শাপলানিউজ.কম
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৪৭ জন। এছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর অভিযানে ১ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার টাকার ৯২৫টি জাল নোট, ৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। নগরবাসীকে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়েছে। c15d