সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে কর প্রণোদনা
চলতি করবর্ষে জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা পাবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। অবশ্য ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এ প্রণোদনা থাকছে না। আজ বুধবার (২২ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ হতে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে এনবিআর- জানিয়ে আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর হতে সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এ সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।
এনবিআর কর্তৃক এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি বা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরে www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব কর্মকর্তার সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।
চলতি করবর্ষ (২০২৬-২০২৭) হতে ব্যক্তিশ্রেণির করদাতাগণ বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের পাঁচ শতাংশ (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা পাবেন। ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এ প্রণোদনা থাকছে না। ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাকে অনুরোধ করছে এনবিআর।








