বিশ্ব ফুটবলের মহারণ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবলের উন্মাদনা। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এই তিন দেশের আয়োজনে এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬টি স্টেডিয়ামে। আর শুরু থেকেই আলোচনায় রয়েছে মেক্সিকো সিটির কিংবদন্তি ভেন্যু এস্তাদিও আসতেকা।
এস্তাদিও আসতেকা, যা এখন ফিফার টুর্নামেন্টে মেক্সিকো সিটি স্টেডিয়াম নামে পরিচিত। ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি মাঠ। প্রায় ৮৭ হাজারের বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম উত্তর আমেরিকার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি।
এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় ১৯৬২ সালে এবং শেষ হয় ১৯৬৬ সালে। শক্ত ও কঠিন জমির ওপর এত বিশাল অবকাঠামো গড়ে তোলা তখন মোটেও সহজ ছিল না। স্থপতি পেদ্রো রামিরেস ভাসকেস এবং রাফায়েল মিজরাহির নকশায় এটি নির্মিত হয়। ১৯৬৬ সালের ২৯ মে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনে এক লাখেরও বেশি দর্শক একসঙ্গে খেলা উপভোগ করেন।
ফুটবলের ইতিহাসে আসতেকা স্টেডিয়াম এক অনন্য জায়গা দখল করে আছে। এখানে দুটি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭০ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। একই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ এই মাঠেই ঘটে।
এই কারণেই আসতেকাকে অনেকেই ফুটবলের ক্যাথেড্রাল বলে থাকেন। এটি শুধু একটি স্টেডিয়াম নয়। ফুটবলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আসতেকা স্টেডিয়াম শুধু ফুটবলের মঞ্চ নয়। এটি মেক্সিকোর প্রাচীন সভ্যতার সঙ্গেও গভীরভাবে জড়িত। ওলমেক, মায়া, তেওতিহুয়াকান, তোলতেক এবং অ্যাজটেক এই প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস বহন করে চলেছে মেক্সিকোর ভূমি। সেই ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামকে অনেকেই আধুনিক যুগের এক প্রতীকী পিরামিড হিসেবে দেখেন। যেখানে ইতিহাস ও ফুটবল একসূত্রে গাঁথা।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে এই স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হবে। তখন আবারও প্রাণ ফিরে পাবে আসতেকার গ্যালারি। উঁচু উচ্চতায় থাকা এই মাঠে দর্শকদের উচ্ছ্বাস আর বিশ্বকাপের আবেগ মিলে তৈরি হবে এক দারুণ পরিবেশ।








