বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনার নিয়োগ
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) চেয়ারম্যান পদে করপোরেট পেশাদার মাসুদ খানকে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মাসুদ খান ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চার বছরের জন্য বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো।
এতে আরও বলা হয়, মাসুদ খানের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বিএসইসিতে নতুন নিয়োগ পাওয়া তিনজন কমিশনার হলেন— ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন। একইদিন চার কমিশনারও দায়িত্ব থেকে ইস্তফা দেন।








