ঢাকা আজও ফাঁকা

 

সারাদেশে ঈদুল আজহার ছুটি চলছে। এসময়ে রাজধানী ঢাকাও অনেকটাই ফাঁকা। সড়কে নেই যানবাহনের চাপ। অফিস-আদালতে নেই কর্মচাঞ্চল্য। ঈদ ঘিরে টানা ৭ দিনের ছুটির ফাঁদে পড়া ঢাকার সবখানে এখন অলস সময় চলছে।

সরেজমিনে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে চিত্র দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি ছিল অনেক কম। প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপও ছিল সীমিত। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম।

ফলে ব্যস্ত নগরীর চিরচেনা যানজট, মানুষের ভিড় আর কোলাহল যেন সাময়িকভাবে হারিয়ে গেছে। সড়কে যানবাহনের চাপ কম, অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই চোখে পড়ছে স্বস্তির পরিবেশ।

অন্যদিকে, ফাঁকা ঢাকায় যাত্রী সংকটের কথা বলছে গণপরিবহন শ্রমিকেরা।

মিরপুর রুটে চলাচলকারী পরিস্থান পরিবহনের চালকের সহকারী মিজান বলেন, মানুষের এখনও ঈদ শেষ হয়নি। ঢাকা আসেনি। রাস্তায় যাত্রী নেই। আজ ৩-৪ দিন রাস্তায় কোন যাত্রী নেই। একবারও ফুল ট্রিপ হয়নি।

গুলশান-বাড্ডা রুটে চলাচলকারী আলিফ পরিবহনের চালকের সহকারী বলেন, সাধারণ সময় যে পরিমান যাত্রী থাকে, এখন তার চার ভাগের এক ভাগও নেই। গাড়ি ছুট সব সময় খালিই থাকছে।

পরিবহন শ্রমিকেরা বলছেন, ছুটি শেষ হওয়ার পর চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে কর্মব্যস্ততা ফিরতে শুরু করবে।

এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে তাদের অনেকেই এখনও ঢাকার বাইরে অবস্থান করায় রাজধানীজুড়ে এখনো নীরবতা।