খেয়াঘাটের ইজারা নিয়ে মধ্যরাতে প্রতিমন্ত্রী নুরের কড়া বার্তা
shaplanews.com
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিতে আগ্রহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ঘাটে পারাপারের ভাড়া ৫ টাকার বেশি নেওয়া যাবে না।
তিনি বলেন, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার পরিষ্কার বার্তা—যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারাই ইজারা শিডিউল নিন। ৫ টাকায় আপনাদের না পোষালে ইজারা নেবেন না। পরে এদিক-সেদিক ধরে সমঝোতার জন্য ঘুরলেও কোনো কাজ হবে না।
তিনি আরও বলেন, অতিরিক্ত টাকায় ইজারা নিয়ে পরে জনগণের ওপর বাড়তি ভাড়া চাপানোর সুযোগ দেওয়া হবে না। ইজারাদাররা যদি ৫ টাকা ভাড়া মেনে ইজারা না নেন, তাহলে পটুয়াখালী জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে সরাসরি আদায়ের মাধ্যমে ঘাট পরিচালনা করবে।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরও বলেন, আপনি কত টাকায় ইজারা নিচ্ছেন বা আপনার খরচ কত—সেটা আমার কাছে বিবেচ্য নয়। জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। সেই অঙ্গীকার ও আস্থা-বিশ্বাসের জায়গা থেকেই জনগণ আমাকে তাদের প্রতিনিধি বানিয়েছে।
তিনি জানান, আগামীতে কোনোভাবেই ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।
এদিকে বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সম্ভাব্য ইজারাদারদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।








