শিরোনাম:
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬
রাজধানীর বাজারে আজও স্বস্তি ফেরেনি। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত শুক্রবার থেকে শুরু হওয়া দাম বৃদ্ধির ধারা আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। প্রায় সব সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ কারওয়ান বাজার, রামপুরা, মোহাম্মদপুর ও মিরপুর বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু ৩০ টাকা কেজি, পেঁপে ৩৫ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, শিম ১০০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কয়েকদিন আগে ৭০ থেকে ৮০ টাকা থাকলেও আজ তা ১৫০ টাকা কেজি। দেশি কাঁচামরিচ ২০০ টাকা ও হাইব্রিড কাঁচামরিচ ১২০ টাকা কেজি।
শাক-সবজির মধ্যে ফুলকপি প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা। লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকা আঁটি।
মাছের বাজারেও চড়া দাম। রুই মাছ ৪০০ থেকে ৫২০ টাকা কেজি, তেলাপিয়া ও পাঙাশ ৩২০ থেকে ৩৫০ টাকা, ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, ঘাটে মাছের সরবরাহ কম থাকায় পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে।
চালের বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে। মোটা স্বর্ণা চাল ৫০ থেকে ৫৪ টাকা, মাঝারি পাইজাম ও আটাশ চাল ৫৬ থেকে ৬২ টাকা, মিনিকেট ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৮০ থেকে ৯০ টাকা কেজি। সয়াবিন তেল বোতল ২০৪ টাকা লিটার ও খোলা তেল ১৯০ টাকা।
তবে মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি আছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩৩০ টাকা, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি। ফার্মের লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা ও সাদা ডিম ১২০ টাকা ডজন। গরুর মাংস ৮২০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে এক ডজন ডিম আর দুই-তিন রকম সবজি কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। বিক্রেতারা আশা করছেন, বৃষ্টি থামলে এবং শীতের সবজির সরবরাহ পুরোদমে শুরু হলে আগামী সপ্তাহ থেকে দাম আবার কমতে পারে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬